ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করায় দেশে ফেনসিডিল আসা কমেছে ,তবে ভয়ঙ্কর মাদক ইয়াবা এবং ক্রিস্টাল মেথ বা আইস আসা বেড়ে গেছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । তিনি বলেন,আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যাতে মাদক আসতে না পারে।
আজ মঙ্গলবার সচিবালয়ে বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নের জন্য অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুস সবুর মন্ডলসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, আমরা তিনটি উপায়ে মাদকাসক্তি নিরাময় ও মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি। সেগুলো হলো- মাদকের চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস ও হার্ম রিডাকশন।
আসাদুজ্জামান খান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। ভারতের সঙ্গে ফেনসিডিল সম্পর্কে অনেকবার আলাপ হয়েছে। সীমান্ত এলাকায় ফেনসিডিল উৎপাদন বন্ধের জন্য তারা ব্যবস্থা নিচ্ছে। আমাদের হিসাব অনুযায়ী, ফেনসিডিল সরবরাহ কমেছে। কিন্তু ভয়ঙ্কর মাদক বেড়েছে সেটা হলো ইয়াবা। এর সঙ্গে আইস সংযুক্ত হয়েছে, যেটা আরও ভয়ঙ্কর। এগুলো আমাদের যুব সমাজের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে।
তিনি বলেন, আমাদের সীমান্তের অনেক এলাকা খুবই দুর্গম। যেখানে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। সে কারণে আমাদের সীমান্ত এলাকার অনেকটা এলাকা এখনো অরক্ষিত রয়ে গেছে। ফলে বিভিন্নভাবে সীমান্ত দিয়ে মাদক ঢুকছে। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যাতে মাদক আসতে না পারে।
সানবিডি/এনজে