ধীরে ধীরে বন্যার পানি কমছে সিলেটে। সব জায়গাই পানি রয়েছে বিপদসীমার নিচে। তবে এই প্রাকৃতিক বন্যায় অনেক ক্ষতি হয়েছে অঞ্চলটিতে। বিশেষ করে অবকাঠামোগত; বন্যায় ক্ষত-বিক্ষত হয়েছে রাস্তা-ঘাট। চলতি বন্যায় সিলেট জেলা ও মহানগরের প্রায় ৪৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সব ক্ষতি সেরে উঠতে প্রায় ৪০০ কোটি টাকা খরচ হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
এ ব্যাপারে সড়ক সংশ্লিষ্টরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে সড়ক ও জনপথের (সওজ) অধীনস্থ প্রায় ৭২ কিলোমিটার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ২৬৭ কিলোমিটার এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১৪০ কিলোমিটার সড়ক রয়েছে।
প্রসঙ্গত, সিলেটে গত ১০ মে থেকে শুরু হয় ভারি বর্ষণ। এছাড়া উজান থেকে নেমে আসা ঢলের কারণে বন্যায় কবলে পড়ে সিলেট। সুরমা নদী উপচে পানি ঢুকে পড়ে সিলেট নগরের বেশির ভাগ এলাকায়। গত শুক্রবার দিনগত রাত থেকে কমতে শুরু করে বন্যার পানি। বর্তমানে বন্যার পানি নামতে শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের বন্যায় সিলেটে প্রায় ৬০০ কিলোমিটার সড়ক তলিয়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৮০ কিলোমিটার সড়ক। এর বাইরে সিলেট সদর উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলায় দু’টি কালভার্ট ভেঙে গেছে।
সানবিডি/এনজে