
নাটোরের সিংড়ায় ব্রিজের রেলিং থেকে পড়ে মো. সাগর আলী (২০) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোলারবাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাগর সিংড়া বাস স্ট্যান্ড এলাকার আ. মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, সিংড়া বাজারের জুতা ব্যবসায়ী মান্নান ও তার ছেলে সাগর দোকানের বাঁকি টাকা উত্তোলন করে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সিংড়া ফিরছিলেন। পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সাগর ব্রিজের রেলিংয়ে বসে। এ সময় হঠাৎ পানিতে পড়ে যায় সে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।