বগুড়ার শেরপুরের রাণীরহাট-মির্জাপুর আঞ্চলিক সড়কের সিরাজনগর মোড় এলাকায় শুক্রবার রাতে মোটরসাইকেল চাপায় শ্রী বিনোদ চন্দ্র সরকার (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রাণীরহাট-মির্জাপুর আঞ্চলিক সড়কের সিরাজনগর মোড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের কামাল খা গ্রামের শ্রী জগন্নাথ চন্দ্র সরকারের ছেলে বিনোদ চন্দ্র সরকার ভ্যানগাড়ি চালতেন। রানিরহাট এলাকায় বার্ষিক মেলায় লোক বহন করে বাড়ি ফেরার পথে গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রাণীরহাট-মির্জাপুর আঞ্চলিক সড়কের সিরাজনগর মোড় এলাকায় পৌঁছালে ভ্যান গাড়িটি ভেঙে যায়। এতে বিনোদ রাস্তায় ছিটকে পড়ে যায়। পিছনে থাকা অজ্ঞাত একটি দ্রুতগতির মোটরসাইকেল তার উপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সানবিডি/এনজে