
খুলনায় ভ্যান ও মোটরসাইকেলকে চাপা দিয়ে একটি বাস খাদে গিয়ে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।
বুধবার (১ জুন) সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী গ্রামের আলী ওসমান এবং ডুমুরিয়ার গোলনা গ্রামের আব্দুল খালেক। এর মধ্যে আলী ওসমান ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং আব্দুল খালেক গাছ কাটা শ্রমিক। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন জানান, সকালে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে চাপা দিয়ে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত এবং ১১ জন আহত হন।
আহতদের মধ্যে তিন জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আট জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।