আশুলিয়ার ডেন্ডাবরে এক হাজার ১৮০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রশস্ত একটি রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি হলে দুর্ভোগে থাকা পোশাক শ্রমিকসহ কয়েক লাখ মানুষ সুবিধাভোগী হবেন। ধামসোনা ইউনিয়নের নিজস্ব অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে এ সড়ক নির্মিত হবে। আজ শুক্রবার (৩ জুন) সকাল ১১টার দিকে এ কাজের উদ্বোধন করেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় এলাকার মেম্বার, গণমান্য ব্যক্তি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ থেকে ঘোড়াপীর মাজার সড়কে কয়েক লাখ মানুষের চলাচল। তবে সড়কের ডেন্ডাবর হাজী আতাউার রহমান মার্কেট হতে রফিক মাস্টারের মার্কেট পর্যন্ত সড়কের বেহালদশায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে আছেন এলাকাবাসী। এই সড়কটি বিশেষ করে পোশাক শ্রমিকসহ বিভিন্ন কারখানার নিম্ম আয়ের মানুষের চলাচলের মাধ্যম। পরে ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে প্রায় ৯৪ লাখ টাকা ব্যয়ে আরসিসি সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন জনবহুল এলাকা। ডিইপিজেডসহ অনেক শিল্প কারখানা রয়েছে এখানে। শ্রমিকসহ প্রায় ৫ থেকে ৭ লাখ মানুষের বসবাস। এখানে প্রতিনিয়ত ভবন ও নতুন সড়ক বাড়ছে। তবে সামীবদ্ধতার মধ্যেও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়ক নির্মাণের কাজ শুরু হলো। এই সড়কের মাধ্যমে কয়েখ লাখ মানুষের দুর্ভোগ লাঘব হবে।
সানবিডি/এনজে