
রাশিয়ার সঙ্গে যুদ্ধের ১০০ তম দিনে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, 'বিজয় আমাদেরই হবে'। শুক্রবার (৩ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভিডিও বার্তায় জেলেনস্কিকে তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে দেখা যায়। যার মধ্যে দেশটির প্রধানমন্ত্রীও আছেন।
এসময় জেলেনস্কি বলেন, 'ইউক্রেনের সশস্ত্র বাহিনীও এখানে, আমাদের জাতির লোকেরা এখানে। আমরা ইতোমধ্যে ১০০ দিন ইউক্রেনকে রক্ষা করেছি। জয় আমাদেরই হবে।'
ভিডিও বার্তায়, দেশটির রাজধানী কিয়েভের কেন্দ্রে ইউক্রেনের প্রেসিডেন্ট বাসভবনের সামনে জেলেনস্কি ও তার দলকে দেখা গেছে। এর আগে ২৫ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর একদিন পরের ঠিক একই জায়গা থেকে ভিডিও বার্তা দেন জেলেনস্কি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো দেশ দুইটির মধ্যে পূর্ব ইউক্রেনে সংঘাত বেড়েছে।