নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। আজ রবিবার (৫ জুন) সকালে আশপাশের ভিশন গার্মেন্ট, জুকি, লোডস্টার, সারশ, পলকা, এমবিএম গার্মেন্টসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে এসে সড়ক অবরোধ করেছেন।
এদিন সকাল থেকেই মিরপুর ১০ নম্বরে এসে জড়ো হতে থাকেন পোশাক কর্মীরা। এক পর্যায়ে সড়ক বন্ধ করে দেন তারা। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে গতকাল শনিবার দুপুরেও একই দাবিতে মিরপুর-১০ নাম্বার গোলচত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নাম্বারের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট), পল্লবী, ইনডোর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পোশাককর্মীরা।
পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাঁধে। এর একদিন পর আরও শ্রমিক সংঘবদ্ধ হয়ে সড়ক অবরোধ করলেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
সানবিডি/এনজে