
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করেছে কনটেইনার ডিপোর মালিক কর্তৃপক্ষ।
রোববার (৫ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিএম কনটেইনার ডিপোর জেনারেল ম্যানেজার মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। গুরুতর আহত ও যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রত্যেককে ৬ লাখ টাকা ও অপরাপর আহতদের ৪ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিএম কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের চিকিৎসায় সব ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করতে চারটি দোকান প্রস্তুত রাখা হয়েছে। বিএম কর্তৃপক্ষ রক্তদানের জন্য ৫০০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে। ২৮ জন ইতোমধ্যে রক্ত দিয়েছে আহতদের জন্য।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে বিএম কনটেনার কর্তৃপক্ষ জানিয়েছে।