সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ মো. মাসুদ রানা (৩৭) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (৮ জুন) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মাসুদ রানা জামালপুরের সরিষাবাড়ী থানার গোপীনাথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি বিএম কনটেইনার ডিপোতে আরএসটি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
তার মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের হালনাগাদ তথ্যমতে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩০ জন । এর মধ্যে পুলিশের ১০ ও ফায়ার সার্ভিসের ১৫ কর্মী রয়েছেন।
সানবিডি/এনজে