
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় উল্টোপথে আসা মোটরসাইকেল আটকে কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আইনজীবীসহ পাঁচজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। তবে অপর আসামি আইনজীবী ইয়াসিন জাহান নিশান ভূঁইয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড চাওয়া পাঁচ আসামি হলেন- আইনজীবী সোহাকুল ইসলাম রনি, আইনজীবী ইয়াসিন আরাফাত ভূঁইয়া, মো. শরিফ, মো. নাহিদ ও মো. রাসেল।
এদিন মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর এ মামলার আসামি আইনজীবী ইয়াসিন জাহান নিশান ভূঁইয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্য পাঁচ আসামির সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামপুর থানার পরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদ।
অপর দিকে আসামিদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি নিশানের জামিন মঞ্জুর করেন। অন্য পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেধড়ক মারধরের ঘটনায় মঙ্গলবার রাতে শ্যামপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাড়ে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেন আহত ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন।
এএ