
লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরস্কার থাকতো, তাহলে বিএনপির মহাসচিব তা পেতেন।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে শুক্রবার (১০ জুন) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত দারুসসালাম থানা এবং নয় ও দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক।
বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছে শেখ হাসিনা সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাতেই মির্জা ফখরুলসহ বিএনপিনেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে।
ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবকে প্রশ্ন করেন, ‘দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করাই কি শেখ হাসিনার অপরাধ?’
নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না—বিএনপিনেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পালটা প্রশ্ন করেন, খালেদা জিয়া এক সময় বলেছিলেন—শিশু ও পাগল ছাড়া দেশে নিরপেক্ষ কেউ নেই, তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?
দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মাজহারুল আনামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য আগা খাঁন মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।