
২০২২-২৩ অর্থবছরের বাজেটে সব শ্রেণির মানুষই উপকৃত হবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘গরিব হওয়া কত কষ্টের আমি হাড়ে হাড়ে বুঝি। তাই প্রত্যেকটি গরিব মানুষকে সামনে রেখে আমরা এই বাজেট দিয়েছি।’
শুক্রবার (১০ জুন) বাজেট নিয়ে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমি গত তিন বছরে তিনটা বাজেট দিয়েছি। কোনও বাজেটই গরিব মারার ছিল না। আমরা সবসময় বাজেট দেই দেশের জনগণের কথা চিন্তা করে।’
বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ কিন্তু একটা অপরচুনিটিও নিয়ে আসে। আমরা অপরচুনিটিতে বিশ্বাসী।’
কালো টাকা সাদা করার বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘টাকা ডিজিটাল মাধ্যমে পাচার হচ্ছে। নরওয়ে, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ উন্নত দেশও এ ধরনের সুযোগ দেয়। নানা কারণে টাকা পাচার হয়, কোনও প্রমাণ ছাড়া এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। তবে কারও কারও ক্ষেত্রে অ্যাকশনও নেওয়া হচ্ছে প্রমাণ সাপেক্ষে। এগুলো আমরা চেষ্টা করছি ফেরত আনতে। আপনারা বাধা দিয়েন না। বাধা দিয়ে লাভ কী।’
তিনি বলেন, ‘আমরা এগুলো কালো টাকা না বলে অপ্রদর্শিত অর্থ বলি। আমরা এ দেশের মানুষের কল্যাণেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এছাড়াও এনবিআর চেয়ারম্যান, অর্থ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
এএ