রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেন হয়ে বাল্টিক সাগরের মধ্য দিয়ে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন ব্যবহার করে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। একই সময়ে ইয়ামাল-ইউরোপ পাইপলাইন ব্যবহার করে জার্মানি থেকে পোল্যান্ডে পূর্বমুখী গ্যাস প্রবাহ বেড়েছিল। গতকাল পাইপলাইনগুলোর গ্যাস প্রবাহসংক্রান্ত প্রকাশিত তথ্যে এমনটা দেখা যায়। খবর রয়টার্স।
শুক্রবার সকালে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে গ্যাসের প্রবাহ ছিল প্রতি ঘণ্টায় ৬ কোটি ২০ লাখ ৮৫ হাজার ৫৬৮ কিলোওয়াট ঘণ্টা। বৃহস্পতিবার পাইপলাইনটিতে গ্যাসের প্রবাহ ছিল ৬ কোটি ১০ লাখ কিলোওয়াট ঘণ্টার বেশি। ইউক্রেনিয়ান ট্রান্সমিশন সিস্টেম অপারেটরের তথ্যে দেখা যায়, ভেলকে কাপুসানি সীমান্ত দিয়ে ইউক্রেন হয়ে স্লোভাকিয়ায় গ্যাস প্রবাহের দৈনিক মাত্রা দাঁড়ায় ৩ কোটি ৭০ লাখ ঘনমিটার।
রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানায়, গতকাল রুশ শহর সুদঝা হয়ে ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহের মাত্রা ৪ কোটি ১৯ লাখ ঘনমিটার পর্যন্ত স্থিতিশীল ছিল, যা বৃহস্পতিবারের তুলনায় অপরিবর্তনীয়। একই সময়ে ইয়ামাল-ইউরোপ পাইপলাইন ব্যবহার করে জার্মানি থেকে পোল্যান্ডে পূর্বমুখী গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে।
জার্মান সীমান্তের মলনাও মিটারিং পয়েন্টে গতকাল গ্যাসের প্রবাহ ছিল প্রতি ঘণ্টায় ৩৪ লাখ ৭৩ হাজার ৭০১ কিলোওয়াট ঘণ্টা। বৃহস্পতিবার এ পয়েন্টে গ্যাস প্রবাহের মাত্রা ছিল প্রতি ঘণ্টায় ২৮ লাখ ২০ হাজার কিলোওয়াট ঘণ্টা। গ্যাসকেড গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির দেয়া তথ্যে এমনটা দেখা যায়।
সানবিডি/এনজে