
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউপির তিস্তা আল জামিয়া ইসলামিয়া মডেল হেফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. আদনান সাহিল। বয়স ১২ বছর। গত শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ আদনান সাহিল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের আব্দুল হালিমের দ্বিতীয় পুত্র। আব্দুল হালিম রোববার লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজের এক দিন পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোবাইল ফোনে জানানো হয় আদনান সাহিলের বাবা আবদুল হালিমকে। পরবর্তী ঐ নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভড করেনি।
ডায়েরিতে আরও বলা হয়, নিখোঁজ আদনানের পরিবারের ধারণা মাদ্রাসাকর্তৃপক্ষ হয়ত তাদের ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করে কিংবা কোথায়ও লুকিয়ে রেখেছে। সেইসঙ্গে ধারণা করা হচ্ছে মাদ্রাসার শিক্ষক কর্তৃক আদনানের বড় ধরনের ক্ষতি হতে পারে। এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মো. মজিবর রহমানকে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম জানান, নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি তদন্ত করছেন। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
এএ