
চট্টগ্রামের লোহাগাড়ায় ডাম্প ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগাড়া থানার পুটিবিলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনুমানিক ১৮ বছর বয়সী এক কিশোর ও ৮-৯ বছরের এক শিশু। তবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমিরাবাদ থেকে বাজার করে মোটরসাইকেলে করে ওই তরুণ ও শিশু বাসায় ফিরছিলেন। পথে পুটিবিলা ইউনিয়ন পরিষদের সামনে একটি ডাম্প ট্রাক তাদের ধাক্কায় দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে। পরে ট্রাকটি তাদের চাপা দেয়।
লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।