
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মনজুর শাফি চৌধুরী এলিম বিজয়ী হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিনকে (ঘোড়া) ভোটযুদ্ধে হারিয়ে বিজয়ী হন নৌকা প্রতীকের এ প্রার্থী।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী-নৌকা মার্কার প্রার্থী পেয়েছেন মোট ৪৯,৯২০ ভোট এবং ঘোড়া মার্কার প্রার্থী পেয়েছেন ১৬,৭০৭ ভোট।
এর আগে বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। দিনভর বৃষ্টি উপেক্ষা করে বড় ধরণের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিতে ভাটা পড়ে।
উপজেলায় ১১টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলেন ২ লক্ষ ৪০ হাজার ১০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২২ হাজার ৯৭ ভোট। নারী ভোটার ১লক্ষ ৮ হাজার ৩টি ভোট।
নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৭ হাজার ৫৫১টি। বৈধ ভোট ৬৬হাজার ৬২৭। বাতিল হয়েছে ৯০২টি ভোট।
নির্বাচন সুষ্ঠু করতে উপজেলাজুড়ে ৩ স্থরের নিরাপত্তার পাশাপাশি ৩ জন জুডিশিয়াল, ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ ১০২টি কেন্দ্রে আনসার, বিজিবি ও পুলিশের ৭৭৮জন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।