
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ৭৪ জন যাত্রী ছিলেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বরিশাল থেকে ঢাকাগামী বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। আলহামদুলিল্লাহ, সব যাত্রীরা নিরাপদ ও অক্ষত আছেন। কোনো সমস্যা হয়নি।
সূত্রে জানা গেছে, ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের প্লেনটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ছিল। এ কারণে ফ্লাইটটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। প্লেনটি জরুরি অবতরণের পরই হার্ড ব্রেক করেন পাইলট। এতে বিমানটি কিছুটা পিছলে পড়ে। কিছুক্ষণ থেমে ধীরে ধীরে পার্কিংয়ে নেন পাইলট। এরপর নিরাপদে সব যাত্রীদের নামানো হয়। ফ্লাইটটি জরুরি অবতরণের সময় বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ইউনিট প্রস্তুত ছিল। কয়েকটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। তবে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করেছে, কোনো সমস্যা হয়নি।