
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ৯ ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের আগুন নিভেছে। তবে বন্ধ রয়েছে নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ।
শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে আগুনের প্রাথমিক সূত্রপাত হলেও সকাল সাড়ে ১০ টার দিকে গ্যাস লাইন ফেটে বিস্ফোরণ হয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে ৯ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কাছাকাছি ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে না পারায় ফায়ার সার্ভিসের রোবটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, আমাদের গায়ে ফায়ার স্যুট থাকে। এটির তাপমাত্রা সহন ক্ষমতা আছে তবে এখানে আগুনের তাপ ছিল ভয়াবহ রকমের তীব্র। আমরা যে কারণে রিমোট কন্ট্রোল ফায়ার সার্ভিসের মাধ্যমে কাজটি করেছি। এর মাধ্যমে দ্রুত আগুন নিভিয়ে রোবট অভিযান সমাপ্ত করেছি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন ষ্টেশনের ৯টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এএ