
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পল্লী বিদ্যুৎ মোড়ে ট্রাকচাপায় ২ পুলিশ নিহত হয়েছেন। তারা হলেন- শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) সাদিকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম।
বৃহষ্পতিবার ভোরে কর্তব্যরত ওই দুই পুলিশ সন্দেহজনক একটি ট্রাককে দাঁড়ানোর সংকেত দিলে ট্রাকটি তা অমান্য করে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এসআই সাদিকুল দিনাজপুরেরর রাজারামপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে এবং আতাউল ইসলাম জয়পুরহাটের শাহজাহান আলীর ছেলে।
শিবগঞ্জ থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার ভোর ৫টার দিকে এসআই সাদিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল কানসাট গোপালনগরমোড়ে একটি ট্রাককে থামার সংকেত দেয়। এ সময় ট্রাকটি সংকেত অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে চলে আসে; এসআই সাদিকুল ও সার্জেন্ট আতাউল ট্রাকটিকে ধাওয়া করে কানসাট পল্লীবিদ্যুৎ মোড়ে ওভারটেক করেন। সেখানে ট্রাকটির সামনে ব্যারিকেড দিয়ে তারা আবারো ট্রাকটিকে থামার সংকেত দেন। এসময় তাদের উপর দিয়ে ট্রাকটি চালিয়ে দেয় চালক। ঘটনাস্থলেই সাদিকুল ও আতাউল নিহত হন।
খবর পেয়ে পুলিশের একাধিক দল মাঠে নামলেও বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
এদিকে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ শিবগঞ্জে আসার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ময়না তদন্তের প্রস্তুতি চলছে। একইসঙ্গে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।