
কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জেলে নিহত হয়েছেন। এদের মাঝে কুতুবদিয়ায় মারা গেছেন ২ জেলে। একই ঘটনায় আহত হয়েছে আরও ১ জন।
রোববার (১৯ জুন) বেলা ১২টার দিকে উপজেলার উত্তর ধুরুং চুল্লার পাড়ায় ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উত্তর ধুরুং চুল্লার পাড়া এলাকার জাকের উল্লাহর ছেলে ইমতিয়াজ (২৫) ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং কাঁচা গ্রামের ছাবের আহমদের ছেলে করিম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রোববার সকাল থেকে জেলেরা সমুদ্র তীরে মাছ ধরার ট্রলার মেরামত করছিল। বেলা ১২ টার দিকে বোটের পাশেই বজ্রপাত ঘটে। এতে দুইজন নিহত ও একজন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নেসার আহমেদ বলেন, হাসপাতালে আনার আগে বজ্রাঘাত প্রাপ্তদের দুজন মারা যান। একজন আহত হন।
অপরদিকে, একই সময়ে পেকুয়ায় বজ্রপাতে আলী আহমদ (৫০) নামের আরেক জেলে নিহত হয়েছেন। পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আব্দুল্লাহ পাড়াস্থ ভোলা খালে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত জেলে আলী আহমদ এ ইউনিয়নের ১নং ওয়ার্ডের শরতঘোনা এলাকার আহমদ হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মাহদুল করিম বলেন, আলী আহমদ পেশায় একজন জেলে। তিনি প্রতিদিনের মতো মাছের পোনা শিকার করতে ভোলার খালে যায়। দুপুরে বজ্রপাতের শিকার হন। পরে তাকে নিটকস্থ বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।