সিলেটের গোলাপগঞ্জে বন্যার পানিতে ডুবে সিদ্দিক আহমেদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘা থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু সিদ্দিক বাঘা ইউনিয়নের গন্ডামারা গ্রামের হবিব মিয়ার ছেলে।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার সকালে শিশুটি পারিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন ওইদিন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিশু সিদ্দিকের লাশ ভেসে ওঠে।
নিহত শিশুর বাবা হবিব মিয়া জানান, বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে পড়ে তার ছেলে সিদ্দিক নিখোঁজ ছিল। সোমবার রাতে বাড়ি থেকে কিছু দূরে রাত সাড়ে ১১টার দিকে তার লাশ দেখতে পান তারা।
স্থানীয় বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সানবিডি/এনজে