
‘রাবির উন্নয়ন কর্মকান্ডের জন্য ৩৩৮ কোটি টাকার প্রকল্প প্রি-একনেকে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে ১০তলা বিশিষ্ট একটি ছাত্রী ও একটি ছাত্র হল নির্মাণ করা হবে। পাশাপাশি ২০তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নতুন আরও ৫টি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।’
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মতিহার হল প্রাঙ্গণে আয়োজিত ‘স্বর্ণপদক প্রদান ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ২০১৫’ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান এসব কথা বলেন। অনুষ্ঠানে মতিহার হলের আবাসিক শিক্ষক সাদিকুল ইসলাম সাগরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ।
প্রস্তাবিত হল দুটি হলো- শেখ হাসিনা ও শহীদ কামারুজ্জামান হল। ইউজিসির অনুমোদন পাওয়া বিভাগগুলোর মধ্যে রয়েছে হর্টিকালচার, মাইক্রোবায়োলজি, ফুড এন্ড নিউট্রেশন, সয়েল সায়েন্স ও ইন্ডাস্ট্রিয়াল ল।
প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শিক্ষানুরাগী একজন মানুষ। তিনি উচ্চশিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন। আশাকরি এই উন্নয়ন প্রকল্পটিও দ্রুত বাস্তবায়িত হবে। তবে এজন্য আমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে। সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে ভালো জায়গায় রেখে যেতে চাই।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পড়ালেখার পাশাপাশি অন্যান্য জ্ঞান চর্চার জন্যই বিশ্ববিদ্যালয়। এখানে সেই জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা চালানো হচ্ছে। একজন তরুণকে কীভাবে দেশের সম্পদে পরিণত করা যায় সে বিষয়ে আমাদের ভাবতে হবে। আজ যারা স্বর্ণপদক পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। তারাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’
অনুষ্ঠানে নিজ নিজ বিভাগে ২০১৩ সালের চূড়ান্ত পরীক্ষায় ভালো ফল করায় মতিহার হলের তিন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়। তারা হলেন, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আরাফ খান রিকো, আরবী বিভাগের মো. হাদীউজ্জামান ও প্রাণিবিদ্যা বিভাগের মো. মুসাব্বীর আহমেদ। এছাড়া অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সানবিডি/ঢাকা/আহো