
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও কারচুপি রোধে আইনশৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শের-ই বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে ইউপি নির্বাচন নিয়ে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ নির্দেশনার কথা জানান তিনি।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে সিইসি বলেন, 'ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে যা যা করণীয়, সবই করা হবে। শেষ বুলেট থাকা পর্যন্ত আপনারা কোনো ধরনের অনিয়ম করতে দেবেন না।'
তিনি বলেন, 'এর আগে পৌরসভা নির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সিটি কর্পোরেশন নির্বাচনেও অভিযোগ এসেছে। তবে এবারের ইউপি নির্বাচনে এ ধরনের একটা ঘটনাও বরদাশত করা হবে না।'
রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে রকিব উদ্দিন বলেন, 'আপনারা (রিটার্নিং কর্মকর্তা) সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আইন মোতাবেক দায়িত্ব পালন করবেন। কোনো অনিয়ম হতে দেবেন না।'
বৈঠকে চার নির্বাচন কমিশনার, সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, উপসশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অব অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ড, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সব বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।