
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় ১৩৫ ভারতীয় ক্রুকে আটক করেছে নৌবাহিনী। এসময় ৮টি ফিশিং ট্রলার জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গভীর সমুদ্রে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমায় টহল দিচ্ছিলো নৌবাহিনীর একটি জাহাজ। এসময় ৩৬-৬০ নটিক্যাল মাইল অভ্যন্তরে ৮টি ভারতীয় ফিশিং ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় ১৩৫ জন ভারতীয় ক্রুকে আটক করা হয়েছে।
ভারতীয় ক্রুসহ ফিশিং ট্রলারগুলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিবৃতিতে বলা হয়।
আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনব্যাপী সব ধরনের সামুদ্রিক মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে নৌবাহিনী। নৌবাহিনীর এমপিএ পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের অদূরে পায়রা ফেয়ারওয়ে বয়া এলাকায় বিপুল সংখ্যক বিদেশি ফিশিং ট্রলারের অবস্থান শনাক্ত করা হয়। এর পর থেকে বিভিন্ন সময় ওই এলাকায় টহল দিয়ে চলছে নৌবাহিনীর টহল দল।
এম জি