
রাজধানীর শাহবাগে শিক্ষা ভবনের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. মোহাইমিনুল ইসলাম সিফাত (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহত সিফাত বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী।
বুধবার (২৯ জুন) রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ৩ জনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর রাত ৩টার দিকে সিফাত মারা যান।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, রাতে কয়েকটি মোটরসাইকেলে তারা ৫-৬ জন পুরান ঢাকায় যাচ্ছিলেন তেহারি খেতে। সিফাতের মোটরসাইকেলে ছিলেন তার আরও ২ বন্ধু মেহেদী হাসান (২০) ও শাকিল (২১)। শিক্ষা ভবনের সামনে যাওয়ার পর তাদের মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। তখন একটি লরির চাকায় চাপা পড়েন সিফাত। পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সিফাত কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার হাফেজ খন্দকারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় থাকতেন। বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিলেন।
এম জি