
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় প্রথমপক্ষের শ্যালকসহ স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের মফিজ উদ্দিন ব্যাপারীর ছেলে সাইফুল ইসলাম ও একই উপজেলার বসন্তেরপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে করিম মিয়া। তারা সম্পর্কে শালা-দুলাভাই। খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সাইফুলের প্রথম স্ত্রী পারভীন আকতার (৩২), আবদুল কুদ্দুস (১৯) ও কোহিনুর বেগম (৪২)।
মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৩০ জুলাই সাইফুল ইসলাম তার প্রথম স্ত্রী পারভীন বেগমের ভাই করিম মিয়াকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রী পারভীন আকতারকে গলা কেটে খুন করেন। পরে সেই মরদেহ কয়েক দিন পর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। এদিকে এ ঘটনায় নিহত পারভীন আকতারের ভাই আজিজুল রহমান সাঘাটা থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সাইফুল ও করিম গ্রেপ্তার হন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, খুনের মামলায় দুজনের সর্বোচ্চ শাস্তি দিয়েছে আদালত। এ ছাড়া বাকি তিন আসামি নিরপরাধ হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
এম জি