
রাজধানীর রামপুরা থানা এলাকায় আজ রোববার সন্ধ্যায় ঝড়ে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে কারিশমা নামে চার বছরের এক শিশু মারা গেছে।
আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রক্তাক্ত অবস্থায় কারিশমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাবা মিজানুর রহমান। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে বাবা মিজানুর হাসপাতালে দায়িত্বরত পুলিশ ও সাংবাদিকদের বলেন, তিনি পরিবার নিয়ে রামপুরার বন্ধু নিবাস এলাকার একটি টিনশেডের বাসায় থাকেন। বাসার পাশে একটি ভবন নির্মাণাধীন। আজ সন্ধ্যা ঝড়ের সময় একটি দেয়াল ধরে তাঁদের বাসার চালে পড়ে। এতে চাল ভেঙে পড়ে গুরুতর আহত হয় কারিশমা।
ঢাকা মেডিকেলে দায়িত্বরত পুলিশ ক্যাম্পের তত্ত্বাবধায়ক পরিদর্শক মোজাম্মেল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।