
করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এবং জ্বালানী সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক কতিপয় নির্দেশনা জারি করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গ্ৰহন করা হয়।
নির্দেশনার মধ্যে রয়েছে : (১) অফিসের সকল কাজ অফিস সময়ের মধ্যে সম্পন্ন করা, (২) অফিস সময়ের পর অতিরিক্ত সময় কাজের অভ্যাস পরিত্যাগ করা, (৩) প্রয়োজনের অতিরিক্ত লাইট ফ্যান না চালানো, (৪) এসি ব্যবহার সীমিত করা, (৫) এসি প্রয়োজন হলে এসির তাপমাত্রা ২৫ ডিগ্ৰীর উপরে রেখে ব্যবহার করা, (৬) বিদ্যুৎ খরচ সাশ্রয়ের জন্য যথাসম্ভব দিনের আলো ব্যবহার করা,(৭) জ্বালানী সাশ্রয়ের জন্য অফিসের গাড়ি ব্যবহার সীমিত করা, (৮) জরুরী চিকিৎসার প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমনের অনুমতি না দেয়া, (৯) গ্ৰামের ইউনিয়ন পর্যায়ে গঠিত উন্নয়ন সমিতির বিভিন্ন কার্যক্রম ও প্রজেক্ট পরিদর্শন এবং উঠান বৈঠক ব্যতিরেকে অন্যান্য দাপ্তরিক সভা এবং প্রশিক্ষণ কার্যক্রম যথাসম্ভব অনলাইনে সম্পাদন করা, (১০) আর্থিক লেনদেন যথাসম্ভব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস 'পল্লী লেনদেন' এর মাধ্যমে সম্পাদনের জন্য সদস্যদের উদ্বুদ্ধ করা এবং (১১) সকল ক্ষেত্রে বরাদ্দকৃত বাজেটের অন্তত পক্ষে ২০% ব্যয় হ্রাস করা। এসকল নির্দেশনা বাস্তবায়ন করা হলে বিদ্যুৎ খরচ অন্তত ২৫ ভাগ এবং জ্বালানী ও অন্যান্য ব্যয় অন্তত ২০ ভাগ কমিয়ে আনা সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক দীপংকর রায়, সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্টসহ বিভিন্ন ডিপার্টমেন্টের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এএ