
রাজধানীর খিলগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ পিয়াস (৩৫) নামে এক জেএমবি সদস্য নিহত হয়েছে। ডিএমপির মিডিয়া কর্মকর্তা মারুফ হোসেন বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৮ মার্চ) ভোরে খিলগাঁওয়ের খিদমাও হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তার মাথায় দুটি গুলি, বুকে পাঁচটি ও ডান পাঁজরে দুটি গুলির চিহ্ন রয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত বাংলামেইলকে জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে ভোর পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিবি দক্ষিণের কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক আলমগীর হোসেন জানিয়েছেন, ওই এলাকায় চার থেকে পাঁচজন জঙ্গি অবস্থান নিয়েছে বলে তাদের কাছে খবর এলে সেখানে তারা অভিযান চালান।
অভিযান চলাকালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়।