
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের রিক্তা আক্তার নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর এলাকার পূর্বপাড়ার ধরমপুরের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিক্তা আক্তার (২১)। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া কুমারখালির জোতপাড়া গ্রামে। এ শিক্ষার্থী স্বামীসহ নগরীর ধরমপুরে মুহিত ভিলাতে থাকতেন। বাসা মালিকের নাম আব্দুর রশিদ। দুইবছর আগে বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগে ইসতিয়াক রাব্বির নামের এক শিক্ষার্থীর সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিক্তা।
এদিকে মৃত রিক্তার স্বামীর বন্ধু বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আল-আমিন ইসলাম জানান, কয়েক দিন ধরে ওদের মধ্যে একটু ঝামেলা চলছিল। কাল বিকেলে রাব্বি আমাদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। এ সময় বলেছিল, ওর বউ নাকি অন্য একটা ছেলের সঙ্গে ফেক আইডি খুলে কথা বলে। এটা নিয়ে দুপুরে ওদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে।
ছাত্রীর এমন মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান বলেন, তার মৃত্যুর খবর শুনে আমি রাজশাহী মেডিক্যাল কলেজের ছুটে যাই। আমি এই ঘটনার পুলিশ তদন্ত দাবি করছি। একজন শিক্ষার্থীর এমন অকালমৃত্যু কখনোই কাম্য নয়। নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিভাগের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নগরীর মতিহার থানার ওসি (ভারপ্রাপ্ত) আনোয়ার আলী তুহিন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিক্তা নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মেডিক্যাল ময়নাতদন্ত চলছে। তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর রহস্য।
এম জি