সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ২৬ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি বাস্তবায়ন সম্ভব হলে বিদায়ী অর্থবছরের চেয়ে প্রায় ৭২ কোটি টাকা বাড়বে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গিয়েছে, জুলাইয়ে ৬৬ কোটি ১৫ লাখ, আগস্টে ৮৪ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৯৬ কোটি ৬৯ লাখ, অক্টোবরে ১০০ কোটি ৫৮ লাখ, নভেম্বরে ৯৮ কোটি ৫৬ লাখ, ডিসেম্বরে ৮৪ কোটি ১২ লাখ, আগামী বছরের জানুয়ারিতে ১০৩ কোটি ৯৮ লাখ, ফেব্রুয়ারিতে ৭৪ কোটি ৮২ লাখ, মার্চে ১০০ কোটি ৮৭ লাখ, এপ্রিলে ৮৫ কোটি ২৫ লাখ, মে মাসে ৫৫ কোটি ২৪ লাখ এবং জুনে ৭৫ কোটি ৫৫ লাখ টাকা আদায়ের লক্ষ্য রয়েছে।
সূত্রটি আরো জানায়, গত অর্থবছরে সংশোধিত আকারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৫৪ কোটি ৩১ লাখ টাকা। তবে গত অর্থবছরে এ বন্দর লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় করেছিল ৭৪১ কোটি ৮২ লাখ টাকা। ফলে বিদায়ী অর্থবছরে ঘাটতি ছিল ২১২ কোটি ৪৯ লাখ টাকা।
এনজে