
কক্সবাজারের উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) সকালে উখিয়া সদর এলাকায় উপজেলা পরিষদ গেট-সংলগ্ন জলিল প্লাজার ‘হোটেল আরাফাত’ নামে একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল ঘটনাস্থলের প্রাথমিক সুরতহাল শেষ করার পর নিহত তরুণীর মরদেহ উখিয়া থানায় রাখা রয়েছে। কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত তরুণীর মরদেহ ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল।
হোটেলের রেজিস্ট্রারে লিপিবদ্ধ তথ্য বিবরণীর মাধ্যমে জানা যায়, ৩০৪ নম্বর কক্ষটি গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় ৩০০ টাকার বিনিময়ে ভাড়া নেন নুসরাত জাহান লিজা (২৩) নামে এক তরুণী। সেখানে তার ঠিকানা দেওয়া টেকনাফের হ্নীলায় এবং পেশা চাকরি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিবরণীতে বাবার নাম জিসান মিয়া ও মা রোজিনা এবং একটি ফোন নম্বর উল্লেখ করা আছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ভেতর থেকে রুমটি বন্ধ ছিল। সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে মরদেহ থানায় রাখা হয়েছে।
ওসি আরও জানান, নিহত তরুণী একা ওই কক্ষ ভাড়া নিয়েছিলেন। রেজিস্ট্রারে লিপিবদ্ধ ফোন নম্বরটি বন্ধ। এখনও তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
কী কারণে এ ঘটনা ঘটল সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে উল্লেখ করে বিপুল জানান, এ ব্যাপারে তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এম জি