
রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় চার আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন।
কারাগারে যাওয়া চার আসামি হলেন- সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান ওরফে টিটু, জুবের আলম খান ওরফে রবিন ওরফে রেলওয়ে রবিন, আসিফুর রহমান সোহেল ওরফে ঘাতক সোহেল এবং খাইরুল ইসলাম ওরফে খাইরুল।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নি.) মোহাম্মদ ইয়াসিন শিকদার দুই দিনের রিমান্ড শেষে চার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে মূলনথি মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানিতে থাকায় এদিন জামিন শুনানি হয়নি।
গত ৩১ জুলাই এ চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শাহ আলম এসব তথ্য জানান।
এম জি