
রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ বিকল হয়ে পড়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। সন্ধ্যায় অবতরণের পর পরই উড়োজাহাজটি ট্যাক্সিওয়ের বিকল হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় অন্যান্য বিমানের ওঠানামা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণের পর এই ঘটনা ঘটো। শেষখবর পাওয়া পর্যন্ত বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিলো।
জানা গেছে, কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি কাতারের স্থানীয় সময় সকাল ১১টা ৩ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটি এয়ারবাস এ৩৩০-৩০২ মডেলের এয়ারক্র্যাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।
এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ২০-২৫ মিনিট ধরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এয়ারক্র্যাফটি সরানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। যেসব ফ্লাইটের ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা, সেগুলোকে হোল্ডিংয়ে রাখা হয়েছে। রানওয়ে পরিষ্কার হলে অবতরণের অনুমতি দেওয়া হবে।
এয়ারলাইন্সটির মূল সমস্যা কী ছিল, জানতে চাইলে নির্বাহী পরিচালক বলেন, তারা বিস্তারিত কিছু জানায়নি। ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করে। অবতরণের পর আমাদের জানায় তাদের কিছু সাপোর্ট লাগবে। আমরা সাপোর্ট দিচ্ছি।
এএ