
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলগেট দেওয়া হয় মূলত রেলের নিরাপত্তার জন্য। আমার দায়িত্ব ট্রেনের নিরাপত্তা দেওয়া। যারা রেললাইন পার হচ্ছেন তাদের সচেনতার সঙ্গেই লাইন পার হতে হবে।
তিনি বলেন, রেলক্রসিং পার হতে গিয়ে কেউ দুর্ঘটনার শিকার হলে সেটার দায়িত্ব রেলওয়ে নেবে না।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা-টঙ্গী সেকশনের ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডাবল লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি এবং জয়দেবপুর পর্যন্ত রেলওয়ে স্টেশন সমূহের চলমান উন্নয়নমূলক নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে (জয়দেবপুর রেলওয়ে জংশনে) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জয়দেবপুর থেকে টঙ্গী ১২ কিলোমিটার ডাবল রেললাইন চালু করা হবে। এছাড়াও রেলের নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। রেলের ২৫ হাজার জনবল ঘাটতি রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ নিয়োগ কার্যকর করা হবে।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চলমান প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এম জি