
২৮ বছর পেরিয়ে ২৯-এ পা রাখলো দেশের অন্যতম শিল্প গ্রুপ শেলটেক। একই সঙ্গে গ্রুপটির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান শেলটেক ব্রোকারেজ হাউজ ২ বছর পার করে ৩ বছরে পা রেখেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শনিবার প্রথমে গ্রুপের পক্ষ থেকে পরে প্রত্যেকটি সহযোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেক কাটা হয়।
এ বিষয়ে শেলটেক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, শেলটেক গ্রুপ আজকে ২৮ বছর পার করে ২৯-এ পদার্পণ করেছে। আর শেলটেক ব্রোকারেজ পা রেখেছে তৃতীয় বছরে।
“শেলটেক গ্রুপের প্রত্যেকটি প্রতিষ্ঠান স্ব স্ব জায়গায় খুব ভালো করছে। পুঁজিবাজারেও এর ব্যতিক্রম না। ২ বছর আগে ১৫৭তম প্রতিষ্ঠান হিসেবে শেলটেক ব্রোকারেজের যাত্রা হয়। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি শীর্ষ দশে অবস্থান করতে সক্ষম হয়েছে।”
তিনি আরও বলেন, শেলটেকের উদ্দেশ্য শুধু মুনাফা অর্জন নয়, বিনিয়োগকারীদের সর্বোৎকৃষ্ট সেবা দিয়ে আজকে এ পর্যায় এসেছে। আগামী দিনেও এ সেবা অব্যাহত থাকবে।
মঈন বলেন, শেলটেক ব্রোকারেজ এ পর্যায়ে আসতে যারা সহযোগিতা করেছেন, তাদেরকে আজকের এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে আগামী দিনের পথ চলায় তাদের সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, আমরা বিএসইসি, ডিএসই ও বিনিয়োগকারীদের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাদের সহযোগিতা পেলে আগামী দিনে পুঁজিবাজারের উন্নয়নে নতুন নতুন সেবা চালু করা যাবে। এতে আমাদের বাজার আরও সামনের দিকে এগিয়ে যাবে।
এদিকে ২৮ বছর পূর্তি উপলক্ষে আবাসন মেলার আয়োজন করেছে শেলটেক। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। রাজধানীর মিরপুরের মাজার রোডে শেলটেকের সর্ববৃহৎ প্রকল্প ‘শেলটেক বীথিকা’য় এ মেলার আয়োজন করা হয়েছে। আগ্রহী ক্রেতারা সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ঋণের সুবিধা পাবে। ২৮ বছর পূর্তি উপলক্ষে মেলায় অ্যাপার্টমেন্ট বুকিং দিলেই থাকছে ফ্রি ইন্টেরিয়র ডেকোরেশন সুবিধা।