
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ট্রেকহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের পুঁজিবাজারের ইতিহাসে এটিই প্রথম লভ্যাংশ। আগামী ২৪ মার্চ ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ট্রেকহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এ লভ্যাংশ বিতরণ করা হবে। এ লভ্যাংশ অনুমোদন হলে এর একটি ইতিবাচক সাড়া পুঁজিবাজারে পড়বে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালকরা। সমাপ্ত হিসাবে বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পরিচালক শাকিল রিজভী বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে এটিই প্রথম লভ্যাংশ ঘোষণা। এ লভ্যাংশের ফলে গতিহীন পুঁজিবাজারের গতি আসবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো গত কয়েক বছর খুব কষ্ট করে টিকে আছে। এজিএমে এ লভ্যাংশ অনুমোদন হলে আগামী দিনে তাদের জন্য এটি একটি বিশাল সাপোর্ট হিসাবে কাজ করবে।
সানবিডি/ঢাকা/আহো