
কক্সবাজার শহরের বড় বাজার এলাকা থেকে দুই হাজার ২৮০ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুল খালেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭। এসময় একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার ভোর রাতে শহরের বড় বাজারের মাস্টার সড়কের পিপাসা ভাতঘরের সামনে থেকে মদসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আব্দুল খালেক সে সদরের ভারুয়াখালী আদর্শ গ্রামের মৃত ছব্বির আহমদের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চত করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার বিএন এসএম সাউদ হোসেন জানান, জব্দ করা মদের পরিমাণ প্রায় দুই হাজার ২৮০ লিটার। আটক পিকআপের নাম্বার হলো-কক্সবাজার-ড ১১-০০৩৫।
তিনি আরও জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি চালক নুরুল হাকিম পালিয়ে যায়। এদিকে র্যাব বাদী হয়ে সদর মডেল থানায় খালেকসহ আরও ৩ জনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
সানবিডি/ঢাকা/আহো