আমি বিশ্বাস করি কোনো সভ্য রাষ্ট্র, কোনো মানবতাবাদী রাষ্ট্র খুনিদের প্রশ্রয় দিবে না। দু’জন খুনিকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের সঙ্গে আলোচনা চলছে। আরো তিনজন খুনি কোথায় আছে সে বিষয়টি কারো জানা নেই। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ইঁদুরের গর্তে ঢুকেও কেউ রক্ষা পাবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনি ‘জটিলতার’ কথা উল্লেখ করে তিনি জানান, কানাডার আইনে মৃত্যুদণ্ডের কথা নেই। তাদের আইনে বলা আছে অন্যদেশের কেউ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয় তাহলে তাকে সেই দেশে ফিরিয়ে দেওয়া যাবে না। আমরা এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়ে একটি জায়গায় জিতেছি। আশা করছি শিগগিরই তাকে ফিরিয়ে আনা যাবে।
সোমবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন না করে বঙ্গবন্ধুর খুনিদের ধরার বিষয়ে সহযোগিতা করলে কাজটা এত কঠিন হতো না বলেও মন্তব্য করেন তিনি।
রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. কামরুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনা।
এ সময় মন্ত্রী বলেন, সময় খুব কঠিন। সারাবিশ্বে সবকিছুর অভাব। বাংলাদেশের মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন। এ সময়ে আপনাদের কষ্টে থাকা ছাড়া কিছু করার নাই। আমরা এ অবস্থা থেকে উত্তরণের আপ্রাণ চেষ্টা করছি।
সানবিডি/এমআর