
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের পরিস্থিতি ভালো হচ্ছে। অনেকে বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেলো। রিজার্ভ নামছিল, এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদের পর বেশি রেমিট্যান্স পেয়েছি। ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।
সেপ্টেম্বরের শেষের দিক থেকে লোডশেডিংও আর থাকবে না বলেও দাবি করেন মন্ত্রী।
মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আমরা খাদে পড়বো না বরং খাদ থেকে উঠবো। জ্বালানি ধীরে ধীরে বিশ্ব মার্কেটে নামছে। জ্বালানি সমন্বয় করবো। ইউক্রেন-রাশিয়া পৃথিবীর চার ভাগের একভাগ খাদ্য উৎপাদন করে। ভয় কেটে যাবে আশা করছি। সমতল ধারায় ফিরে যাবে দেশের অর্থনীতি। এই বিশ্বাস আমাদের আছে।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এম জি