
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হককে যৌন নিপীড়নের অভিযোগে এক বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। বিভাগের একাডেমিক কমিটির সভায় ১৩ জন শিক্ষকের উপস্থিতিতে তাকে সব ধরণের শিক্ষামূলক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন একই বিভাগের এক ছাত্রী। পরে বিষয়টি প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিভাগীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। এসময় ভুক্তভোগী ছাত্রী এনামুল হকের কথোপকথন সেলফোনের সাহায্যে অডিও রেকর্ড করেন। পরে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিভাগীয় চেয়ারপার্সন বরাবর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়। গত ১৬ আগস্ট একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এনামুল হক তার অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলেও জানা যায়।
তবে এক বছরের জন্য অব্যাহতিকে যথেষ্ট শাস্তি মনে করছেন না শিক্ষার্থীরা। বিভাগের এ সিদ্ধান্তের বিরুদ্ধে সব ব্যাচের শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আরেকটি দরখাস্ত দিয়েছেন। এতে ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে বিভাগের একজন শিক্ষার্থী নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ায় তিনি বসে বসে বেতন পাবেন। তাই এটা কোন শাস্তি না; বরং পুরষ্কার। সুতরাং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক।
এএ