
গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০আগষ্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশে একযোগে ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দুইটি উপকেন্দ্র উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতা প্রদানে বিএনসিসি, রোভার স্কাউট, বিভিন্ন জেলা ছাত্র কল্যাণ সংস্থাসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিভিন্ন হল পরিদর্শন এবং পরিক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে জবি উপাচার্য ড.মো. ইমদাদুল হক বলেন, সকল বিধিবিধান নিশ্চিত করেই আজকের পরিক্ষা সম্পন্ন হয়েছে। আমরা হলসমূহ ঘুরে দেখলাম সবাই সুষ্ঠভাবেই পরিক্ষায় অংশগ্রহণ করেছে। প্রশ্নের মান সম্পর্কে বলেন, গোপনীয়তা নিশ্চিত করার জন্য ও যথেষ্ট সময়-সুযোগ না পাওয়ায় একটু সমস্যা ছিল। তবে এটা বড় কোন সমস্যা না এবং শিক্ষার্থীদের এতে বিশেষ কোন সমস্যাও হয়নি। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
এদিকে শিক্ষার্থীদের দাবি সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়ার কথা থাকলেও সিলেবাসের বাইরে থেকে অনেক প্রশ্ন এসেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ, পরিক্ষা ভালো হয়েছে। তবে সংক্ষিপ্ত সিলেবাস থেকে পরিক্ষা নেয়ার কথা ছিল। তবে বেশ কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে। তাছাড়া পরিক্ষায় অন্যান্য ব্যবস্থাপনা সন্তোষজনক ছিল।
সানবিডি/তাপস/ এম জি