
রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে থাকা সুমন শেখ (২৫) নামে টাকা চুরি মামলার এক আসামি আত্মহত্যা করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন মৃতের স্বজনরা। শনিবার (২০ আগস্ট) বিকেলে হাতিরঝিল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
সুমন শেখের মৃত্যুর বিষয়ে তার স্বজন মো.সোহেল আহমেদ বলেন, গতকাল দুপুরে একটি চুরি মামলায় সুমন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। সুমন রামপুরায় পরিবারের সঙ্গে বসবাস করে। পরে আজ আমরা জানতে পারি সে মারা গেছে।
তিনি বলেন, সুমন থানায় আত্মহত্যা করেছে এই সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। সিসিটিভি ফুটেজ দেখা যায়, রাত সাড়ে ৩টায় সুমন তার পরনের ট্রাউজার দিয়ে থানার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমাদের প্রশ্ন থানায় পুলিশের হেফাজতে একজন লোক কীভাবে আত্মহত্যা করে। পুলিশ তখন কী করছিল?
তিনি আরও বলেন, গতকাল শুক্রবার (১৯ আগস্ট) টাকা চুরির মামলায় রাজধানীর রামপুরা মহানগর এলাকা থেকে সুমন শেখকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।
তবে এ বিষয়ে এখনো হাতিরঝিল থানার পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এম জি