
করোনার বুস্টার ডোজ গ্রহণের ছয় মাস পর শরীরের অ্যান্টিবডি কমে আসে। পরীক্ষা করে শতভাগ টিকা গ্রহীতার শরীরে অ্যান্টিবডি পাওয়া গেলেও তা গড়ে কমে ১০৬৭৫.৭ এইউ/এমএল নেমে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।
সোমবার (২২ আগস্ট) দুপুরে বিএসএমএমইউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণা দলের প্রধান ও হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ।
ডা. সালাহউদ্দিন জানান, বুস্টার ডোজ গ্রহণের ১ মাস পরে শতভাগ অংশগ্রহণকারীদের দেহে অ্যান্টিবডি পাওয়া যায়। এমনকি ৬ মাস পরেও শতভাগ অংশগ্রহণকারীদের দেহে অ্যান্টিবডি পাওয়া যায়। ধীরে ধীরে প্রায় সব ক্ষেত্রেই অ্যান্টিবডির মাত্রা কমতে থাকে।
তিনি আরও বলেন, তবে বুস্টার ডোজের পরও চতুর্থ ডোজ প্রয়োজন আছে কি না, তা নিরুপণে গবেষণা চলছে।
করোনা মোকাবিলায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, গবেষণা ফলাফল আমাদের একটি ভালো বিষয় দেখিয়েছে। আমরা চাই সবাই টিকার আওতায় আসুক, দেশের প্রতিটি মানুষ সুস্থ থাকুক। কিন্তু টিকা নেওয়ার মতো লোক নেই। আমরা দেখছি যে, ক্যাম্পেইন ছাড়া টিকা নেওয়ার মতো লোকজন আসছে না। আমাদের কেন্দ্রে ৫ হাজার ডোজ দেওয়ার সক্ষমতা আছে। কিন্তু এক হাজার মানুষও আসছে না।
এম জি