
আগামী ডিসেম্বরে মেট্রোরেলে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি জানান, শুরুতে ট্রেন চলবে উত্তরা-আগারগাঁও অংশে। ১০টি মেট্রো ট্রেন দিয়ে যাত্রী পরিবহন করা হবে। প্রতিদিন ভোর থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রোর ট্রেনগুলো চলাচল করবে। সোমবার (২২ আগস্ট) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ১০টি ট্রেন দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হবে। প্রথম দিন ১০ মিনিট পরপর ট্রেনগুলো চলবে। তারপর জনগণ একটু অভ্যস্ত হয়ে গেলে দ্বিতীয় দিন হয়তো এ সময়টা সাত মিনিট এবং ক্রমান্বয়ে সময় আরো কমিয়ে আনা হবে। সময় কমিয়ে আনার বিষয়টি ১০ দিনও লাগতে পারে। ১৫ দিনও লাগতে পারে। এটা নির্ভর করবে ব্যবহারকারীদের ওপর। যদি অনেক বেশি মানুষ মেট্রোতে যাতায়াত শুরু করেন, তাহলে চেষ্টা করব সাড়ে তিন মিনিট পর পর ট্রেন চালানোর। তবে প্রথম দিন বা প্রথম কয়েকদিন ১০ মিনিট পর পর ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।
পদ্মা সেতু উদ্বোধনের পর উৎসুক মানুষের ঢলের কারণে উদ্বোধনের দিন এবং যানবাহন চলাচল শুরুর দিনে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। মেট্রো রেলেও এমন পরিস্থিতি তৈরির সম্ভাবনার কথা জানিয়ে তা মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মানুষের সংখ্যা বেশি হলে প্রয়োজনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেয়া হবে না।
প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতির তথ্য উল্লেখ তিনি বলেন, এমআরটি লাইন ৬-এর সার্বিক অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে উত্তরা-আগারগাঁও অংশের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ। এ ডিসেম্বরে চালুর লক্ষ্যে দুটি বিষয় মাথায় রেখে কাজ চলছে। একটি ইন্টিগ্রেটেড টেস্ট, আরেকটি ড্রাইভিং অন সিমুলেটর টেস্ট। এ দুটি টেস্ট শেষ হওয়ার পর কিছুদিন যাত্রী ছাড়া ট্রেন পরিচালনা করা হবে। এরপর বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করা হবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল অংশের অগ্রগতি ৮১ দশমিক ৮৬ শতাংশ। আগামী বছরের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করেছি।
এএ