
বাংলা সাহিত্যের বরেণ্য কবি, বাংলা একাডেমির ফেলো এবং একাডেমির প্রাক্তন উপপরিচালক সদ্যপ্রয়াত কবি রফিক আজাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলা একাডেমী। সোমবার একাডেমির নজরুল মঞ্চে তাকে এই শেষ শ্রদ্ধা জানানো হয়।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক শামসুজ্জামান খানের নেতৃত্বে একাডেমির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন একাডেমি পরিবারের প্রাক্তন সদস্য ও বিশিষ্ট এই কবির প্রতি।
এসময় প্রয়াত কবির স্ত্রী কবি দিলারা হাফিজ, তাঁর চার পুত্র রাহুল আজাদ, রাজিব আজাদ, অভিন্ন আজাদ, অব্যয় আজাদ, কবির ভাইবোনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া আরো শ্রদ্ধা নিবেদন করেন রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো, কবি সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মাহবুব সাদিক, হাবীবুল্লাহ সিরাজী, ফারুক আলমগীর, আমিনুল ইসলাম বেদু, ফারুক মাহমুদ, শিহাব সরকার, ইকবাল আজিজ, মুহাম্মদ সামাদ, আসলাম সানী, মাসুদুজ্জামান, তারিক সুজাত, হারিসুল হক, নাট্যজন মামুনুর রশীদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, কথাশিল্পী রশীদ হায়দার, সুব্রত বড়–য়া, ইমদাদুল হক মিলন, আনোয়ারা সৈয়দ হক, মঈনুল আহসান সাবের, সুশান্ত মজুমদার, পারভেজ হোসেন, বিজ্ঞান লেখক নাদিরা মজুমদার, শিল্পী কল্যাণী ঘোষ, সুভাষ সিংহ রায়, খান মাহবুব, আহমেদ মাওলা, সাংবাদিক জাহীদ রেজা নূর প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল ১৫ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় বাংলা একাডেমি এবং জাতীয় কবিতা পরিষদের যুক্ত উদ্যোগে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে কবি রফিক আজাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভায় সভাপতিত্ব করবেন কবি সৈয়দ শামসুল হক।
সানবিডি/ঢাকা/এসএস