
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বসতঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নোয়াপাড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উসমানপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের খুরশিদ মিয়া (৫৫) ও তার বোন শোভা আক্তার (৪৫)।
নিহত শোভা আক্তারে স্বামী জালাল উদ্দিন বলেন, আমি স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে আসি। আজ সকালে আমার স্ত্রী ও তার ভাই মিলে বসতঘর মেরামতের কাজ করছিল। অসুস্থ থাকায় আমি তাদের পাশেই বসেছিলাম। এমন সময় হঠাৎ করে খুরশিদ মিয়া বিদ্যুতের শক খেয়ে হঠাৎ মাটিতে ঢলে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে আমার স্ত্রীও পড়ে যায়। পরে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যুর ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের স্বজনের কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এম জি