
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, খাদ্য সংকটও হবে না। যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বর্ণিল হচ্ছে এটা বিএনপির অন্তরের জ্বালা। বঙ্গবন্ধুর জীবনাদর্শ ধারণ করে দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, দেশ আজকে মুজিব আদর্শে পরিচালিত হচ্ছে বলে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আছি বলেই বাংলাদেশ সমগ্র পৃথিবীতে জায়গা করে নিয়েছে। দেশের এ অগ্রযাত্রা, অর্থনৈতিক অবস্থান এবং মানুষের জীবন যাত্রার মান সমগ্র পৃথিবীতে সমাদৃত হচ্ছে। এর একটি কারণ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
বুধবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরস্থ বিআইডব্লিউটিসি অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের প্রায় ১৪ বছর জেল খেটেছেন, কিন্তু বাংলার মানুষের অধিকারের প্রশ্নে তিনি কখনও আপস করেননি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পিতার কাছ থেকে যে শিক্ষা নিয়েছেন সেটা দিয়েই দেশ পরিচালনা করছেন। এই জন্যই বাংলাদেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে দোয়া করা হয়।
বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মো. মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আল মান্নান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু এবং বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সায়েম মৃধা।
এম জি