
রাত পোহালেই নির্বাচন, তাই চলছে শেষ মুহূর্তের প্রচার। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন উভয় প্রার্থী।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন আগামীকাল মঙ্গলবার। ‘ডিএসই শেয়ারহোল্ডার ডাইরেক্টরস ইলেকশন রেগুলেশনস- ২০১৪’ অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি পদের বিপরীতে লড়ছেন দুই প্রার্থী।
ডিএসইর এ পদে লড়ছেন প্রতিষ্ঠানের সাবেক তিনবারের নির্বাচিত সভাপতি ও মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান। তার বিপরীতে ভোটের মাঠে লড়ছেন বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।
প্রসঙ্গত, ডিমিউচুয়ালাইজেশনের (স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা) শর্ত অনুসারে প্রথম বছর চারজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। এক বছর পর তাদের মধ্য থেকে একজন বিদায় নেবেন, তার বিপরীতে নতুন একজন পরিচালক নির্বাচিত হয়ে পর্ষদে যুক্ত হবেন।
পরের বছর অন্য তিনজন থেকে একজন পরিচালক অবসরে যাবেন। তার বিপরীতে নির্বাচনের মাধ্যমে আরও একজন নতুন পরিচালক যুক্ত হবেন। একই নিয়মে তৃতীয় বছরেও অন্য একজন পরিচালক অবসরে যাবেন এবং নতুন একজনকে নির্বাচিত করা হবে।
এভাবে প্রতিবছর একজন পরিচালক অবসরে যাবেন এবং তার বিপরীতে নতুন একজনকে যুক্ত করা হবে।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিএসই কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হবে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ২৪২ জন সদস্য।
এদিকে প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উভয় প্রার্থীই এখন প্রচার কাজে ব্যস্ত সময় পার করছেন। নিবার্চনে জয়লাভ করলে পুঁজিবাজারের গতিশীলতা ও বিনিয়োগরীদের স্বার্থরক্ষাসহ আস্থা ফেরাতে কাজ করবেন।
জয়ের বিষয়ে আশাবাদী মো. রকিবুর রহমান। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘নির্বাচিত হলে সবার সমন্বয়ে একটি স্বচ্ছ, জবাবদিহীতামূলক ও গতিশীল পুঁজিবাজার সৃষ্টিতে কাজ করব।’
সাধারণ বিনিয়োগকারীদের আস্থা তৈরিতে কাজ করার কথা জানিয়ে অপর প্রার্থী মিনহাজ মান্নান ইমন বলেন, ‘পুঁজিবাজার নিয়ে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের মাঝে আস্থার সংকট নিরসনেও কাজ করার ইচ্ছে আছে।’
ডিএসইর এ নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ কমিটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক এম. মনজুর উদ্দিন আহমেদ।